টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ মানেই স্নায়ুচাপের লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান দলকে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তার মতে, সূর্যকুমার যাদবদের হারাতে হলে পাকিস্তানকে আক্রমণাত্মক ক্রিকেটের চেয়ে সংযমী ও শৃঙ্খলাবদ্ধ হওয়ার ওপর জোর দিতে হবে।
টি-টোয়েন্টি ফরম্যাট সাধারণত চার-ছক্কার রোমাঞ্চে ভরপুর হলেও, আফ্রিদি মনে করেন বড় ম্যাচে মৌলিক বিষয়গুলোর সঠিক বাস্তবায়নই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
আফ্রিদি বলেন, ভুল হতেই পারে। তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন বিভাগেই যে দল কম ভুল করবে, তারাই শেষ পর্যন্ত জয়ী হবে।
বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে আটবারের দেখায় সাতটিতেই হেরেছে পাকিস্তান। পরিসংখ্যান পাকিস্তানের বিপক্ষে থাকলেও, এবারের দলটির লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে বেশ আশাবাদী সাবেক এই অধিনায়ক।
আট নম্বর পর্যন্ত ব্যাটার থাকায় শুরুতে উইকেট পড়লেও দল আক্রমণাত্মক থাকার সাহস পাবে বলে মনে করেন তিনি।
তবে এই আক্রমণাত্মক মানসিকতার সঙ্গে দায়িত্ববোধের মিশ্রণ ঘটাতে বলেছেন আফ্রিদি। বিশেষ করে ওপেনারদের ভূমিকা নিয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব বেশি সময় ক্রিজে টিকে থাকা। ওপেনারদের কাজ হবে রান তোলা। তবে বেপরোয়া হয়ে উইকেট বিলিয়ে দেওয়া যাবে না।
টপ অর্ডার ব্যর্থ হলে নিচের দিকের ব্যাটারদের ওপর আস্থা রাখছেন আফ্রিদি। তিনি যোগ করেন, যদি আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়, তবে ষষ্ঠ উইকেটের পর বাকি দুই ব্যাটারকে দায়িত্ব নিতে হবে। তাদের নিশ্চিত করতে হবে যেন শেষ ২৪ বলে লড়াই করার মতো একটা সংগ্রহ দাঁড় করানো যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন