দিল্লিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা পেসার লুঙ্গি এনগিডি।
ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ইনিংসের তৃতীয় ওভারে। অক্ষর প্যাটেলের একটি ডেলিভারিতে পাঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ আরিয়া ইনসাইড আউট শট খেললে বল আকাশে উঠে যায়। সীমানার কাছ থেকে পিছনের দিকে দৌড়ে এসে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এনগিডি।
তবে বলটি তালুবন্দি করতে ব্যর্থ হয়ে ভারসাম্য হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়েন তিনি। পড়ার সময় তার মাথার পেছনের অংশ সরাসরি মাটিতে আঘাত পায়। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাথা চেপে ধরে মাঠেই শুয়ে পড়েন এই প্রোটিয়া তারকা।
এনগিডির অবস্থা দেখে সতীর্থ ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার এবং প্রতিপক্ষ খেলোয়াড়রা বিচলিত হয়ে পড়েন এবং দ্রুত মেডিকেল টিমকে মাঠে আসার সংকেত দেন।
প্রাথমিক পর্যবেক্ষণের পর পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত মাঠে অ্যাম্বুল্যান্স আনা হয়। দীর্ঘক্ষণ মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সময় প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এনগিডি ঘাড় ও মাথায় তীব্র ব্যথা অনুভব করলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। সেখানে নেওয়ার পরপরই তার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছেন তিনি এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন