ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মরক্কোর চাপে নড়বড়ে ব্রাজিল, প্রথমার্ধ ১-১ গোলে সমতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:০৫ এএম
ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করেছে সেলেসাওরা।

নেইমারকে ছাড়া মাঠে নামা ব্রাজিল ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ফুটবল খেললেও মরক্কো ছিল অনেক বেশি সংগঠিত। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি। ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে ব্রাজিলের বক্সে বল পেয়ে যান বেনজামিন এল আইনুই। তবে তার নেওয়া শট শেষ মুহূর্তে ব্লক করে দলকে রক্ষা করেন গ্যাব্রিয়েল মাগালহায়েস।

শুরুর চাপ কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে ব্রাজিল। পাল্টা আক্রমণ থেকে ইগর থিয়াগোর সামনে গোলের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু সময়মতো বলের সঙ্গে সংযোগ করতে না পারায় হতাশ হতে হয় তাকে।

এরপর ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করে মরক্কোকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল।

অবশেষে ৩২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সমতা। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে মরক্কোর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত গতির শটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র। তার অসাধারণ সেই গোলে ১-১ সমতায় ফেরে ব্রাজিল।

বিশেষ এই গোলটি ভিনিসিয়ুসের ক্যারিয়ারে আরও একটি মাইলফলক হয়ে এসেছে। ব্রাজিলের জার্সিতে এটি তার ৫০তম গোল। প্রথমার্ধ শেষে তাই ১-১ সমতায় থেকেই বিরতিতে গেছে দুই দল।