‘আমরা সত্যিই অনন্য, এটি কোনো অহংকার নয়।’ ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর এমন আবেগঘন মন্তব্যই করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শেষ পাঁচ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করেন তিনি।
আটলান্টায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মরগান রজার্সের ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে হাল ছাড়েনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮৫ মিনিটে লিওনেল মেসির পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত বাঁকানো শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও জাদু দেখান মেসি। ডান প্রান্ত থেকে তার নিখুঁত ক্রসে হেড করে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। তাতেই ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, “আমরা সত্যিই অনন্য, আর এটি কোনো অহংকার নয়। অন্তরের গভীর থেকে বলছি, এই খেলোয়াড়রাই আমাদের জয়ের পথে নিয়ে গেছে। আমার ভাষা হারিয়ে গেছে। আমাদের দেশ ও জনগণের জন্য এটি এক অসাধারণ আনন্দের মুহূর্ত।
খেলোয়াড়দের আত্মত্যাগের প্রশংসা করে তিনি আরও বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত সবটুকু উজাড় করে দেওয়ার মর্যাদা এই জার্সির প্রাপ্য। কোনো কিছুই জমিয়ে রাখা উচিত নয়। আমাদের খেলোয়াড়রা আবারও প্রমাণ করেছে, সাধারণ মানুষের মতোই তারাও এই জার্সির টান হৃদয় দিয়ে অনুভব করে।
প্রথমার্ধে দুই দলই গোল করতে পারেনি। মাঝমাঠের লড়াই, একাধিক ফাউল ও শারীরিক সংঘর্ষে জমে ওঠে ম্যাচ। বলের দখলে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে পারেনি ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ নিজেদের করে নেয় স্কালোনির শিষ্যরা।
আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসিরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন