ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমান হাদিকে নিয়ে বিসিবির বিবৃতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৫১ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি- সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের ফলে মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে হাদির সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ওসমান হাদির দ্রুত রোগমুক্তি কামনা করেছে বিসিবি। 

বিসিবি অফিসিয়াল প্ল্যাটফর্মে হাদির ছবি সংযুক্ত করে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি যেন শীঘ্রই পূর্ণ সুস্থতা ফিরে পান।’

এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলার সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।