পাকিস্তান ক্রিকেট দল আগামী বছর বাংলাদেশে দুই দফায় সফরে আসবে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের কারণে সফরের সূচিতে সামান্য পরিবর্তন আনতে হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পিএসএলের কারণে পাকিস্তান সিরিজ দুই ধাপে হবে। একটি অংশ আগে, আরেকটি অংশ পরে অনুষ্ঠিত হবে।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তান বাংলাদেশে আসার কথা ছিল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড একই সময় পিএসএল আয়োজন করার কারণে সূচিতে পরিবর্তন করতে হচ্ছে।
আগামী ৮ মার্চ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তান দল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।
অন্যদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজ পিএসএল শেষ হওয়ার পর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। সিরিজের চূড়ান্ত সূচি দুই বোর্ড ও আইসিসির সমন্বয়ে নির্ধারণ করা হবে জানায় বিসিবি।


