২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভমান গিল। শুধু তাই নয়, তাকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্ত শনিবার প্রকাশ্যে আসতেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।
এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও গিলের মতো ব্যাটারের মূল্য এক ম্যাচ বা এক সিরিজ দিয়ে বিচার করা ঠিক নয়।
স্টার স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় গাভাস্কার বলেন, এটা সত্যিই বিস্ময়কর সিদ্ধান্ত। শুভমান গিল একজন ক্লাসিক ও মানসম্পন্ন ব্যাটার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার পারফরম্যান্স ছিল দারুণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কয়েকটি ম্যাচে ছন্দে ছিলেন না ঠিকই, কিন্তু ক্লাস কখনো হারিয়ে যায় না—ফর্ম আসা-যাওয়া করে।
তিনি আরও বলেন, অনেকদিন পর টি-টোয়েন্টিতে ফিরেছিলেন গিল। এই ফরম্যাটে শুরু থেকেই আক্রমণ করতে হয়। ছন্দ না থাকলে সেটা কঠিন হয়ে পড়ে।
গিলের স্বাভাবিক ব্যাটিং ধরন টেস্ট ক্রিকেটের জন্য বেশি উপযোগী—মাটিতে খেলেন, ধৈর্য ধরে ইনিংস গড়েন। টি-টোয়েন্টির জন্য যে ঝুঁকিপূর্ণ শট দরকার, সেগুলো তাঁর কাছে সহজে আসে না।
উল্লেখ্য, এশিয়া কাপ ২০২৫-এর আগে প্রায় এক বছর ভারতের টি-টোয়েন্টি দলে ছিলেন না শুভমান গিল। এই সময়ে তিনি নিয়মিত খেলেছেন টেস্ট ও ওয়ানডে দলে।
সেই সুযোগে টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করেন সঞ্জু স্যামসন। ২০২৪ সালের শেষ দিকে তিনি দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতক হাঁকিয়ে নির্বাচকদের নজর কাড়েন।
পরবর্তীতে গিলকে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক করা হলে, টি-টোয়েন্টিতেও তাকে সহ-অধিনায়ক করে ফেরানো হয়। তখন ধারণা করা হচ্ছিল—তিন সংস্করণেই নেতৃত্বে থাকবেন গিল।
তবে সাম্প্রতিক ব্যর্থতা ও ধারাবাহিকতা না থাকায় বিশ্বকাপের আগে দল পুনর্গঠনের পথে হেঁটেছে বিসিসিআই।



