ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিবি সভাপতি বুলবুলের প্রশংসায় ভাসল বিডিক্রিকটাইম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:০০ পিএম
বিডিক্রিকটাইমের ১ কোটি ফলোয়ার উদযাপনে কেক কাটছেন বিসিবি সভাপতি। ছবি- রূপালী বাংলাদেশ

ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় এক কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছে দেশের জনপ্রিয় ডিজিটাল ক্রিকেট প্ল্যাটফর্ম বিডিক্রিকটাইম।

এই অর্জন উদযাপন উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের ক্রিকেট অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিডিক্রিকটাইমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়াই ক্রিকেট বোঝার অন্যতম প্রধান মাধ্যম। ‘মানুষ কীভাবে ক্রিকেট দেখবে, কীভাবে ভাববে—সেটা অনেকাংশেই নির্ভর করছে আপনাদের কনটেন্টের ওপর,’ বলেন বিসিবি সভাপতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনজনই বিডিক্রিকটাইমের এক কোটি অনুসারী অর্জনকে দেশের ডিজিটাল মিডিয়ার জন্য বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমি স্মারক ব্যাটে লিখেছি, ১০ মিলিয়ন ভিউয়ারকে সঠিক ক্রিকেট শেখাতে হবে। শুধু নিউজ নয়; ক্রিকেটের ইতিহাস, শেখার বিষয়, নারী ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটকেও তুলে ধরতে হবে।’ তিনি বিডিক্রিকটাইমকে ইতিবাচক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

খালেদ মাসুদ পাইলট বলেন, বিডিক্রিকটাইম খুব সহজেই মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছে। ‘সবচেয়ে ভালো লাগে, এখানে পজিটিভ নিউজ প্রাধান্য পায়। জাবেদ ভাই অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন,’ বলেন তিনি।

২০১৫ সালে যাত্রা শুরু করা বিডিক্রিকটাইম ধীরে ধীরে দেশের সবচেয়ে বড় ডিজিটাল ক্রিকেট প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নিয়মিত সংবাদ, বিশ্লেষণ ও ভিডিও কনটেন্টের মাধ্যমে এটি পাঠক-দর্শকদের আস্থা অর্জন করেছে। এক কোটি অনুসারী সে আস্থারই প্রমাণ।

প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ মো. জাবেদ আলী বলেন, ‘এই অর্জন সম্ভব হয়েছে পাঠক-দর্শকদের ভালোবাসা ও আমার টিমের অক্লান্ত পরিশ্রমে। ক্রিকেটকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে, এক কোটি অনুসারী তারই বহিঃপ্রকাশ।’