ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিতর্কের মাঝেও বক্সিং ডে টেস্টে থাকছেন বেন ডাকেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:২৬ পিএম
বেন ডাকেট। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে ধারাবাহিক ব্যর্থতা ও ব্যক্তিগত আচরণ নিয়ে বিতর্কের মাঝেও ইংল্যান্ড একাদশে জায়গা ধরে রাখলেন ওপেনার বেন ডাকেট।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠেয় বক্সিং ডে টেস্টে তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। এ সিদ্ধান্তের পেছনে ডাকেটের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন অধিনায়ক বেন স্টোকস।

চলতি অ্যাশেজ সিরিজে এখন পর্যন্ত ছয় ইনিংসে ৩০ রানের ঘর পার করতে পারেননি ডাকেট। তার গড় মাত্র ১৬.১৬। সব ফরম্যাট মিলিয়ে টানা ১২ ইনিংসে তিনি কোনো অর্ধশতকও পাননি। তবু দলে বিকল্প ওপেনার না থাকায় তাকে রেখেই মাঠে নামছে ইংল্যান্ড।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে বেন ডাকেটকে মাতাল অবস্থায় দেখা যায়। ভিডিওতে তাকে হোটেলে ফিরতে বিভ্রান্ত অবস্থায় দেখা যায় এবং এক দর্শককে অশালীন ভাষায় গালিও দিতে শোনা যায়।

বিষয়টি নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত শুরু করেছে এবং জানিয়েছে, তারা ঘটনার সত্যতা যাচাই করবে।

তবে অধিনায়ক বেন স্টোকস স্পষ্ট করে জানিয়েছেন, এই কঠিন সময়ে তিনি ডাকেটের পাশে আছেন।

স্টোকস বলেন, আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে আমার পূর্ণ সমর্থনের কথা জানিয়েছি। সে এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং ড্রেসিংরুমে তার প্রভাব অনেক।

ডাকেটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। শুধু বলেন, আমি আমার খেলোয়াড়দের পাশে থাকি, বিশেষ করে যখন তারা কঠিন সময়ের মধ্য দিয়ে যায়।