অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী ক্রিকেট সংস্কৃতির দেশগুলোতে ক্রিকেট মানেই দর্শকদের ব্যাপক উন্মাদনা। শুধু সীমিত ওভারের ম্যাচ নয়, পাঁচ দিনের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেট দেখতেও নিয়মিত মাঠে ছুটে যান হাজার হাজার সমর্থক।
আজ শুক্রবার থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে সেই উন্মাদনা রেকর্ড ছুঁয়েছে। অ্যাশেজের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ৯৩ হাজার ৪৪২ জন দর্শক হাজির হয়েছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি), যা অ্যাশেজের এক দিনের দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।
এর আগে এমসিজিতে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ২০১৫ বিশ্বকাপ ফাইনালে, যেখানে মাঠে এসেছিলেন ৯৩ হাজার ১৩ জন দর্শক। এবার টেস্ট ক্রিকেটেই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেখা হলো।
চলমান অ্যাশেজ সিরিজের এই টেস্ট ম্যাচে দুই দলের পেসাররা শুরু থেকেই দারুণ গতিতে বল করছেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে দুই দলই বড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ডও ১১০ রানেই গুটিয়ে যায়।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে এক দিনে সর্বোচ্চ দর্শক উপস্থিতি দেখা গিয়েছিল ২০১৩ অ্যাশেজে, সেটিও এমসিজিতেই। সেবার উপস্থিত ছিলেন ৯১ হাজার ১১২ জন দর্শক। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল মেলবোর্ন টেস্ট।
তবে টেস্ট ক্রিকেটে এক দিনে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতির বিশ্বরেকর্ড এখনো রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সের দখলে। ১৯৯৮-৯৯ মৌসুমে ভারত-পাকিস্তান টেস্টে এক দিনে এক লাখের বেশি দর্শক মাঠে হাজির হয়েছিলেন। সেই রেকর্ড এখনো অক্ষুণ্ন।
অ্যাশেজে একটি নির্দিষ্ট টেস্ট ম্যাচে সব মিলিয়ে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও রয়েছে ২০১৩ সালের সিরিজে; সংখ্যা ছিল ২ লাখ ৭১ হাজার ৮৬৫ জন। চলমান মেলবোর্ন টেস্টে সেই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও ম্যাচের দ্রুতগতিতে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন