বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং ইউনিটের অগ্রদূত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ঢাকা ক্যাপিটালসের স্পেশালিস্ট সহকারী কোচ মাহবুব আলী জাকি আজ (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিপিএলের ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের প্রস্তুতি চলাকালীন অনুশীলন সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন জাকি। দ্রুত সিপিআর প্রদান করা হলেও অ্যাম্বুলেন্সে করে হসপিটাল যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিসিবি সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ হৃদরোগ বা হার্ট অ্যাটাক।
মাহবুব আলী জাকি ছিলেন বিসিবির স্পেশালিস্ট ফাস্ট বোলিং কোচ এবং ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ। তিনি যুব দল ও জাতীয় দলের পেস বোলারদের উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন।
বিশেষ করে বোলিং মেকানিক, টেকনিক্যাল পরামর্শ এবং ফিজিওথেরাপিভিত্তিক প্রশিক্ষণে তার অবদান অনস্বীকার্য।
তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সংশোধন ও দক্ষতা উন্নয়নে জাকির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাবেক ফাস্ট বোলার হিসেবে নিজের খেলোয়াড়ি অভিজ্ঞতাকে কোচিংয়ে রূপান্তর করেছেন তিনি।
বিসিবি জানিয়েছে, জাকির পরিবার এবং বাংলাদেশ ক্রিকেট তার পাশে থাকবে। আজ সন্ধ্যা নাগাদ সিলেটের আউটার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। তথ্য নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।


