দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। আজ শনিবার (২৭ ডিসেম্বর) মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে ৪ উইকেটে জয় তুলে নিল ইংল্যান্ড। এই জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন জো রুট ও বেন স্টোকস।
২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের এটাই প্রথম টেস্ট জয়। ১৫ বছর ও ৫৪৬৮ দিন পর, ১৬টি হার ও দুটি ড্রয়ের পর তারা এ জয় পেল। মেলবোর্ন টেস্টটি দুই দিনে শেষ হওয়ায় আরও গুরুত্ব পেল। এর আগে এই মাঠে দুই দিনে শেষ হওয়া টেস্ট হয়েছিল ১৯৩১ সালে।
ইংল্যান্ডের সামনে এদিন জয়ের লক্ষ্য ছিল ১৭৫ রানের। জ্যাক ক্রলি ও বেন ডাকেট ওপেনিংয়ে ৫১ রান দলকে ভালো শুরু দেয়। পরে জ্যাকব বেথেল ৪০ রান, রুট ১৫ রান করে আউট হলেও বাকি খেলোয়াড়রা দলকে জয়ের ধারায় নিয়ে আসে।
ব্যাট হাতে জেমি স্মিথ (৩*) ও হ্যারি ব্রুক (১৮*) অপরাজিত থেকে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।
এর আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অল আউট হয়। ওপেনার ট্রাভিস হেড ৪৬ রানের ইনিংস খেললেও অন্য ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারেননি। স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন ২৪ রানে।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৫২ ও ১৩২ (হেড ৪৬; স্মিথ ২৪*; কার্স ৪/৩৪, স্টোকস ৩/২৪)
ইংল্যান্ড: ১১০ ও ১৭৮/৬ (বেথেল ৪০, ক্রলি ৩৭; রিচার্ডসন ২/২২, বোল্যান্ড ২/২৯)
ফলাফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জশ টাং
এদিকে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি সিডনিতে। সিরিজে অস্ট্রেলিয়া এখনও ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন