চলমান বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৩০ বলে ৪১ রান করেন। তার এই ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার সন্তোষ প্রকাশ করেছেন।
হান্নান জানান, বিপিএল আমাদের প্রধান টুর্নামেন্ট। শান্ত যেভাবে খেলছে, সেটা নির্বাচকদের নতুনভাবে ভাবতে বাধ্য করছে। বিশ্বকাপে তার সুযোগ আসতে পারে, এতে আমি অবাক হবো না।
তিনি আরও বলেন, টিম কম্বিনেশন সাজানোর সময় শান্ত সরাসরি চুক্তির খেলোয়াড় ছিল। সে নিজের প্রস্তুতি এবং বিশ্বকাপে খেলার ক্ষুধা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। জাতীয় দলে থাকাকালীনই আমাদের মধ্যে বোঝাপড়া গড়ে উঠেছে, যা তাকে আত্মবিশ্বাস দিয়েছে।
রিপনকে একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েও হান্নান বলেন, আমাদের অধিনায়ক শান্ত। দলের জন্য যেটা সেরা হবে, সেই সিদ্ধান্ত সবাই মিলে নিই। ব্যর্থ হলে সবাই দায়িত্ব নেওয়ার চেষ্টা করি।
রিপন গত বছর টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে ভালো বোলিং দেখিয়েছিল। ফিটনেস উন্নত করে সে এখন আরও আত্মবিশ্বাসী খেলোয়াড় হিসেবে উপস্থিত হয়েছে।


