ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিং তীব্রভাবে কটাক্ষ করেছেন ভারত দলের নির্বাচকদের। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন শুভমান গিলকে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ দলের স্কোয়াড থেকে বাদ দেয়ার বিষয়ে।
যোগরাজ সিং বলেন, ভারতের সহ-অধিনায়ক শুভমান গিলকে মাত্র চার-পাঁচটি ব্যর্থ ইনিংসের কারণে বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু চার-পাঁচ ইনিংস ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ কেন? ভারতের খেলোয়াড়দের মধ্যে এমন অনেক ক্রিকেটার আছেন যারা ১০০ ম্যাচে মাত্র ১০ ম্যাচে ভালো খেললেও সুযোগ পেয়েছেন।
তিনি এই সুযোগে সাবেক অলরাউন্ডার এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকেও আক্রমণ করেছেন। যোগরাজ জানান, পাকিস্তান সফরের সময় কপিল দেব ব্যাট ও বোলিং উভয় ক্ষেত্রেই ব্যর্থ ছিলেন, তবুও পরবর্তী ইংল্যান্ড সফরে তাকে সুযোগ দেওয়া হয়েছিল।
এদিকে, শেষ কয়েকটা ম্যাচে ব্যাট হাতে রানের দেখো পাননি গিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টি-২০ সিরিজ এবং অস্ট্রেলিয়ার ওয়ানডে/টি-২০ সফরে তিনি কোনো অর্ধশতক করতে পারেননি। এছাড়া, ২০২৫ সালের এশিয়া কাপেও তার পারফরম্যান্স তেমন ভালো ছিল না।


