× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০২:২৮ পিএম

বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়নের পথে হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০২:২৮ পিএম

হ্যারি কেইন। ছবি : সংগৃহীত

হ্যারি কেইন। ছবি : সংগৃহীত

২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর শুরুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন হ্যারি কেইন। তবে সময়ের সঙ্গে সমালোচনাকে প্রশংসায় রূপ দিয়েছেন ইংলিশ এই তারকা ফরোয়ার্ড। বায়ার্নের জার্সিতে এখন পর্যন্ত ১২২ ম্যাচে ১১৬ গোল করে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

২০২৫-২৬ মৌসুমে ভলসবুর্গের বিপক্ষে ৮-১ গোলের বড় জয়ে গোল করে বুন্ডেসলিগায় চলতি মৌসুমের গোলসংখ্যা ২০-এ নিয়ে যান কেইন। এর মধ্য দিয়ে তিনি জার্মান ফুটবলের ৬০ বছরের পুরোনো একটি রেকর্ডে ভাগ বসান।

টিমো কোনিয়েটজকার পর প্রথম খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় নিজের প্রথম তিন মৌসুমেই ২০টির বেশি গোল করার কৃতিত্ব দেখালেন কেইন।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ৩১ গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার। বয়স বাড়লেও তার পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। বরং গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগ ম্যাচগুলোতে দুর্দান্ত খেলেই নিজের মূল্য আরও বাড়িয়েছেন তিনি।

কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নের আক্রমণভাগে বড় ভূমিকা রাখছেন হ্যারি কেইন। তার সঙ্গে মাইকেল ওলিসে ও লুইস দিয়াজও দারুণ ছন্দে রয়েছেন। গোল করার পাশাপাশি সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়াতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন কেইন। ফলে ২০২০ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের বড় দাবিদার হয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ।

ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের দৌড়েও কেইন এখন শক্ত প্রতিদ্বন্দ্বী। কিলিয়ান এমবাপ্পে ও রাফিনহার সঙ্গে তালিকায় রয়েছেন তিনি। বিশেষ করে যদি এবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন, তাহলে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের সম্ভাবনা আরও জোরালো হবে তার।

এদিকে, হ্যারি কেইনের ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। তার চুক্তিতে কার্যকর হওয়া ৭৭ মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লজ রয়েছে। ফলে বার্সেলোনা বা প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জন শোনা গেলেও, কেইন বায়ার্নেই থাকতে চান বলে জানিয়েছেন।

স্কাই স্পোর্টসের সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী, বায়ার্ন মিউনিখ ইতোমধ্যে কেইনের প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নবায়নের প্রাথমিক আলোচনা শুরু করেছে। ক্লাবটি ২০২৮ বা ২০২৯ সাল পর্যন্ত চুক্তি বাড়াতে চায়। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে দ্রুত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী দুই পক্ষই।

রূপালী বাংলাদেশ

Link copied!