ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০১:৪৯ পিএম
বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি নারী দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য যাত্রা বজায় রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ৩০ রানে হারিয়ে টানা দ্বিতীয়  জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

স্বর্ণা আক্তারের বিধ্বংসী ব্যাটিং আর বোলারদের নিয়ন্ত্রিত নৈপুণ্যে এই জয়ে মূল পর্বের টিকিট পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দুই ওপেনার দিলারা আক্তার ও শারমিন আখতার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। দিলারা ৩৫ এবং শারমিন ২৮ রান করে দলকে একটি শক্ত ভিত্তি এনে দেন। মিডল অর্ডারে সোবহানা মোস্তারি ২৪ বলে অপরাজিত ৩৪ রানের এক কার্যকরী ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন।

তবে ইনিংসের চিত্র বদলে যায় শেষ দিকে স্বর্ণা আক্তারের ব্যাটিং ঝড়ে। মাত্র ১৪ বলে ৩৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। ৪টি বিশাল ছক্কায় সাজানো এই ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

১৬৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করার চেষ্টা করেছিল পাপুয়া নিউগিনি। দলটির অধিনায়ক বাউই টাউ সর্বোচ্চ ৩৫ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে কিপটে বোলিং করেন ফাহিমা খাতুন; তিনি মাত্র ১৩ রান খরচায় নেন ১টি উইকেট। এ ছাড়া রাবেয়া খাতুন ও রিতু মনি একটি করে উইকেট শিকার করে প্রতিপক্ষের রানের গতি টেনে ধরেন। 

বোলারদের পাশাপাশি এদিন টাইগ্রেসদের ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রান আউটের মাধ্যমে পিএনজিকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য পিএনজির প্রয়োজন ছিল ৩৫ রান, যা বাংলাদেশের টাইট বোলিংয়ের সামনে ছিল প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে পাপুয়া নিউগিনির ইনিংস।

৩০ রানের এই দাপুটে জয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বাংলাদেশ।