ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইসিসির সভায় বাংলাদেশ পেল ২ ভোট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৩ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার যে দাবি বাংলাদেশ জানিয়েছিল, তা আজ (২১ জানুয়ারি) আইসিসির জরুরি সভায় সরাসরি নাকচ হয়ে গেছে।

বুধবার ২১ জানুয়ারি একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে আইসিসি। সেখানে বোর্ডের ১৬ জন সদস্যের মধ্যে ১৪ জনই বাংলাদেশের দাবির বিপক্ষে ভোট দেন। শুধুমাত্র পাকিস্তান ও বাংলাদেশ এই প্রস্তাবের পক্ষে ছিল।

আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ নিরাপত্তা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ভারতে বাংলাদেশি খেলোয়াড় বা সমর্থকদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

এদিকে, আইসিসি বিসিবি-কে মাত্র ২৪ ঘণ্টা সময় দিয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে তারা ভারতে গিয়ে খেলবে কি না। যদি বাংলাদেশ এই প্রস্তাবে রাজি না হয়, তবে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হবে।

বিসিবি চেয়েছিল, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। এমনকি তারা আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদলবদল করার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু আইসিসি এবং ক্রিকেট আয়ারল্যান্ড এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আইসিসি জানিয়েছে, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। এবং আইপিএলে মুস্তাফিজুর রহমানের সুযোগ না পাওয়াকে নিরাপত্তার অজুহাত হিসেবে দেখানোর কোনো যুক্তি নেই।

বিসিবি এখন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে টাইগাররা ভারতের বিমানে উঠবে নাকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে।