ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপ বয়কট, ২০২৯ সালেও কি একই পথে হাঁটবে বাংলাদেশ?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

দেশের মর্যাদা বনাম ক্রিকেট—এই কঠিন সমীকরণে শেষ পর্যন্ত মর্যাদাকেই বেছে নিল বাংলাদেশ। দীর্ঘ টালবাহানা আর আইসিসির সাথে স্নায়ুযুদ্ধের পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (২২ জানুয়ারি) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি কর্মকর্তারা।

বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসিকে ভেন্যু স্থানান্তরের যৌক্তিক প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে মূল্যায়ন করেনি। বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা আমাদের খেলোয়াড়দের জীবনের ঝুঁকি নেওয়ার সমান। আমরা মাথা নত করে কোনো টুর্নামেন্টে অংশ নেব না।’

গতকাল (২১ জানুয়ারি) আইসিসি এক ভার্চুয়াল সভায় জানিয়ে দিয়েছিল, বিশ্বকাপের সূচি বা ভেন্যু কোনোভাবেই পরিবর্তন করা হবে না। সেই সভায় ১৬ জন বোর্ড পরিচালকের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সবাই বাংলাদেশের দাবির বিপক্ষে ভোট দেন।

সেই সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ না খেললে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত করা হবে।

ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন: ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফিও কি ঝুঁকিতে?

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের এই সিদ্ধান্ত দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আইসিসির পরবর্তী বড় ইভেন্টগুলোর ভেন্যু নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

আইসিসির সূচি অনুযায়ী জানা গেছে, ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা।

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে মোট ৮টি দল। স্বাগতিক দেশ হিসেবে ভারত সরাসরি খেলার সুযোগ পাবে। এই টুর্নামেন্টে কারা খেলতে পারবে তা মূলত নির্ভর করবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ফলাফলের ওপর।

জানা যায়, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ ৭টি দল (ভারত বাদে) এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।

এদিকে, যদি বাংলাদেশ ২০২৭ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে, তবে বিসিবি তখন কী করবে? ভারত কেন্দ্রিক ভেন্যু হওয়ার কারণে কি তখনো একইভাবে বয়কটের পথে হাঁটবে বাংলাদেশ?