ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:২৯ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

নেপালের কাঠমান্ডুতে উড়ছে লাল-সবুজের বিজয় নিশান। থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের মাধ্যমে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

বুধবার (২৮ জানুয়ারি) কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা। শুরু থেকেই থাই বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন টাইগ্রেস ওপেনাররা। 

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৬৫ রান। ১৬৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে অসহায় আত্মসমর্পণ করে থাইল্যান্ড। তারা থামে মাত্র ১২৬ রানে।

বাছাইপর্বের 'সুপার সিক্স' পর্বে এটি বাংলাদেশের টানা পঞ্চম জয়। আজ থাইল্যান্ডকে হারানোর পর অন্য ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হওয়ায় সমীকরণ পুরোপুরি বাংলাদেশের পক্ষে চলে আসে। 

ফলে হাতে আরও দুই ম্যাচ বাকি থাকতেই টেবিলের শীর্ষস্থান সুসংহত করে ২০২৬ ইংল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

আগামী ১২ জুন ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাগতিক দেশ ও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৮টি দল সরাসরি খেলবে, আর বাছাইপর্বের লড়াই শেষে বাংলাদেশসহ মোট ৪টি দল তাদের সাথে যোগ দেবে।