ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতের সঙ্গে না খেললে জটিল সমীকরণে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:০০ পিএম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে বড় ঝুঁকির পথ বেছে নিল পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করায় সুপার এইট ও নকআউট পর্বে ওঠার সমীকরণ এখন বেশ কঠিন হয়ে উঠেছে তাদের জন্য।

এই সিদ্ধান্তের ফলে গ্রুপ পর্বে টিকে থাকতে পাকিস্তানকে বাকি তিন ম্যাচেই জিততে হবে। কাগজে-কলমে কাজটি অসম্ভব নয়। নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র- এই তিন দলের বিপক্ষেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে পাকিস্তান। তবে সাম্প্রতিক অভিজ্ঞতা মোটেও স্বস্তির নয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্র যে বড় অঘটনের জন্ম দিয়েছিল, তা এখনো সতর্কবার্তা হয়ে আছে।

ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পুরো টুর্নামেন্টকে ফেলেছে অস্বস্তিকর পরিস্থিতিতে। আইসিসির নিয়ম অনুযায়ী, ভারত নির্ধারিত সূচি মেনেই কলম্বো যাবে, অনুশীলন করবে এবং ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও অংশ নেবে। পাকিস্তান যদি শেষ পর্যন্ত খেলতে না নামে, তাহলে ম্যাচটি বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে ভারত পাবে পূর্ণ দুই পয়েন্ট, পাকিস্তান পাবে শূন্য- এবং ক্ষতিগ্রস্ত হবে তাদের নেট রান রেটও।

অন্য একটি সম্ভাবনা আছে বটে। ভারত যদি কলম্বো সফরই না করে, তবে ম্যাচটি পরিত্যক্ত হিসেবে ধরা হবে এবং দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে। তবে বর্তমান বাস্তবতায় দায়ভার পুরোপুরি পাকিস্তানের কাঁধেই।

খেলা না হলেও নেট রান রেটের প্রভাব থেকে যাচ্ছে, যা টুর্নামেন্টের খেলার শর্ত অনুযায়ী নির্ধারিত হবে। কার্যত, গ্রুপ পর্বে ভারত শুরু করবে বাড়তি সুবিধা নিয়ে, আর পাকিস্তান শুরুতেই হারাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ব্যবধান।

বিশ্বকাপে এমন ‘ওয়াকওভার’ বিরল হলেও নজির রয়েছে। ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপে কলম্বোতে বোমা বিস্ফোরণের পর নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে অস্বীকৃতি জানালে শ্রীলঙ্কা পায় পূর্ণ পয়েন্ট। একইভাবে, ২০০৩ বিশ্বকাপে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এবং নিউজিল্যান্ড নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ম্যাচ না খেলায় সংশ্লিষ্ট দলগুলো হেরে যায় নিয়ম অনুযায়ী।

এবার সেই তালিকায় নতুন করে যোগ হতে পারে পাকিস্তানের নাম- যার ফল ভুগতে হতে পারে মাঠের বাইরের সিদ্ধান্তের জন্যই।