টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের ভারতবিরোধী ম্যাচ বর্জনের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যখন আলোচনা তুঙ্গে, তখন এ বিষয়ে মুখ খুলতে নারাজ ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
মঙ্গলবার মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন গম্ভীর। বিশ্বকাপে পাকিস্তানের ভারতের বিপক্ষে না খেলার অবস্থান নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য না করেই তিনি এগিয়ে যান।
জানা গেছে, পাকিস্তান সরকার জাতীয় দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও ভারতের বিপক্ষে মাঠে নামার বিষয়ে এখনো ছাড়পত্র দেয়নি। এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি নিয়ে শঙ্কা বাড়াচ্ছে। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ক্রীড়াগত নয়; বাণিজ্যিক দিক থেকেও বৈশ্বিক ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে ম্যাচ বর্জন বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত না হলে বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতির আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপ শুরুর আগে ভারত দল পুরোপুরি মাঠের প্রস্তুতিতে মনোযোগী রয়েছে। ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে।


