ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইংল্যান্ডের মুখোমুখি হয়েও বুক চিতিয়ে লড়ল নেপাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি : সংগৃহীত

১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না হলেও, নেপালের মতো দলের জন্য তা পাহাড়সমই বটে। তার ওপর প্রতিপক্ষ যখন ক্রিকেটবিশ্বের পরাশক্তি ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক।

বিশ্বকাপের মঞ্চে সেই স্নায়ুচাপ আরও বহুগুণ বেড়ে যায়। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ যা হলো, তা রূপকথার কোনো গল্পের চেয়ে কম নয়! বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করল নেপাল। উত্তেজনায় ঠাসা শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে নেপালকে মাত্র ৪ রানে হারিয়েছে ইংলিশরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও, একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ইংলিশ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তোলে ইংল্যান্ড।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান আসে জ্যাকব বেথেলের ব্যাট থেকে। ৩৫ বলের ইনিংসে তিনি ৪টি চার ও সমান সংখ্যক ছক্কা হাঁকান। এছাড়া অধিনায়ক হ্যারি ব্রুক ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। 

নেপালের পক্ষে দীপেন্দ্র সিং ঐরি ও নন্দন যাদব দুটি করে উইকেট নেন। তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল নেপাল। ওপেনার কুশল ভুর্টেল ১৭ বলে ২৯ রান করে বিদায় নেন। এরপর দলের হাল ধরেন দীপেন্দ্র সিং ঐরি ও অধিনায়ক রোহিত পাউডেল। 

তৃতীয় উইকেটে ৫৪ বলে ৮২ রানের এক দুর্দান্ত জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন তারা। ১৫তম ওভারে রোহিতকে (৫৫) স্যাম কারান ফেরালে ভাঙে এই জুটি।

জয়ের জন্য শেষ ৭ বলে নেপালের প্রয়োজন ছিল মাত্র ১০ রান, হাতে ৫ উইকেট। মনে হচ্ছিল ইতিহাস গড়তে যাচ্ছে নেপাল। কিন্তু ক্রিকেটের অনিশ্চয়তা বলে যে কথা রয়েছে শেষ পর্যন্ত তাই হলো! শেষ ৭ বলে মাত্র ৪ রান তুলতে পারে নেপাল। এরফলে মাত্র ৪ রানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।