ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আরও এক অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৩১ পিএম
শোয়েব মালিক ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ভানিজা সাত্তার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত এবং বিতর্কিত ব্যক্তিত্ব শোয়েব মালিক আবারও ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে এসেছেন। সানা জাভেদের সঙ্গে তৃতীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার তার চতুর্থ বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে।

দাবি করা হচ্ছে, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ভানিজা সাত্তারকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন এই সাবেক অধিনায়ক। এমনকি ২৭ ফেব্রুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলেও বেশ কিছু সূত্র দাবি করছে। 

তবে এ বিষয়ে শোয়েব মালিক বা ভানিজা সাত্তারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কে এই ভানিজা সাত্তার?

শোয়েব মালিকের বর্তমান স্ত্রী সানা জাভেদের মতো ভানিজাও পাকিস্তানের অভিনয় জগতের পরিচিত মুখ। করাচিতে জন্ম ও বেড়ে ওঠা এই অভিনেত্রী করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। 

জনপ্রিয় নাটক ‘লাডলি’-তে ‘নাজো’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এবার সেই অভিনেত্রীর সাথেই নাম জড়াল শোয়েবের।

শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল নাটকীয়তায় ভরপুর। তার বিয়ের সফরনামাটি এক নজরে দেখে নেওয়া যাক...

আয়েশা সিদ্দিকী: ২০০০ সালের শুরুর দিকে আয়েশা সিদ্দিকীর সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব। তবে সেই বিয়ে নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে।

সানিয়া মির্জা: ২০১০ সালের এপ্রিলে ভারতের হায়দরাবাদে টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি। প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনে তাদের ‘ইযহান’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে সানিয়া মির্জার সাথে তাদের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে।

সানা জাভেদ: সানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরের রেশ কাটতে না কাটতেই ২০২৪ সালে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। লাহোরে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের ছবি সে সময় ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

সানা জাভেদের সঙ্গে বিয়ের মাত্র দুই বছর পার হতেই চতুর্থ বিয়ের এই খবরে উত্তাল নেট দুনিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, সানার সঙ্গেও কি তবে শোয়েবের দূরত্ব তৈরি হয়েছে?