অস্ট্রেলিয়া বনাম ভারত নারী দলের মধ্যকার আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে এক নাটকীয় ও হাস্যরসাত্মক মুহূর্তের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। একদিকে অধিনায়ক হারমানপ্রীত কৌরের লড়াকু অর্ধশতকে ভারত লড়াই করার মতো পুঁজি পেয়েছে, অন্যদিকে মাঠের এক অদ্ভুত কাণ্ড হাসির খোরাক জুগিয়েছে ধারাভাষ্য কক্ষে থাকা অজি পেস তারকা মিচেল স্টার্ককে।
ঘটনাটি ঘটে ভারতীয় ইনিংসের ৩৮.৫ ওভারে। অজি বোলার মেগান শুটের একটি শর্ট ডেলিভারিকে স্কুপ করে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন হারমানপ্রীত। কিন্তু টাইমিংয়ের চরম গড়বড়ে বল ব্যাটে না লেগে সরাসরি আঘাত করে তার হেলমেটের গ্রিলে। বলটি ব্যাটের কানায় লেগে অদ্ভুতভাবে নিজের মুখের দিকেই টেনে আনেন তিনি।
এই দৃশ্য দেখে হেসেই খুন মিচেল স্টার্ক। ধারাভাষ্য কক্ষে থাকা স্টার্ক মজা করে বলেন, এই 'হিট'টিকে যেন বোলারের উইকেটের তালিকায় যোগ করা হয়। সহ-ধারাভাষ্যকাররা টিপ্পনী কেটে বলেন, হারমানপ্রীত নিজেই নিজের কয়েকটা রান আটকে দিলেন!
তবে বলের আঘাত গুরুতর না হওয়ায় ফিজিওর চেকআপ শেষে হারমানপ্রীত নিজেও হেসেই মাঠ মাতান। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় দুই কিংবদন্তির এই পরোক্ষ খুনসুটি।
হাস্যরসের বাইরে মাঠের লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হোবার্টের বেলেরিভ ওভালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৫১ রান সংগ্রহ করেছে ভারত।
ইনিংসের শুরুতে ওপেনার প্রতিকা রাওয়াল (৫২) এবং স্মৃতি মান্ধানা (৩১) ৭৮ রানের দারুণ একটি ভিত গড়ে দেন। কিন্তু ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর রাওয়াল রান-আউটের শিকার হলে চাপে পড়ে যায় ভারত। এক পর্যায়ে ১৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রীত কৌর।
হাঁটুর চোটকে জয় করে হারমানপ্রীত ৭০ বলে ৫৪ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন। শেষ দিকে কাশ্মী গৌতমের ২৫ ও ক্রান্তি গৌড়ের ১৯ রানের ক্যামিও ইনিংস ভারতকে আড়াইশ পার করতে সাহায্য করে।


