ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইনজুরিতে ছিটকে গেলেন সোফি মোলিনাক্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:৪৬ পিএম
সোফি মোলিনাক্স। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে চলমান ওডিআই সিরিজের মাঝপথেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। পিঠের ইনজুরির কারণে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন দলের তারকা অলরাউন্ডার এবং নতুন অধিনায়ক সোফি মোলিনাক্স। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

হোবার্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগেই জানা যায়, ‘লোয়ার ব্যাক পেইন’ বা পিঠের নিচের অংশের ব্যথায় ভুগছেন মোলিনাক্স। এর আগে ব্রিসবেনে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ৫ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নিলেও ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি তার। তবে ইনজুরি গুরুতর হওয়ায় তাকে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা অ্যালিসা হিলির অবসরের পর অস্ট্রেলিয়া দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে গত মাসেই মোলিনাক্সের নাম ঘোষণা করা হয়েছিল। 

চলতি সিরিজ শেষে হিলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, আর তার শেষ টেস্ট ম্যাচে মোলিনাক্সের ডেপুটি হিসেবে থাকার কথা ছিল। তার আকস্মিক অনুপস্থিতিতে এখন নেতৃত্বের ভার সামলাতে পারেন দুই সহ-অধিনায়ক অ্যাশ গার্ডনার অথবা তাহলিয়া ম্যাকগ্রা।

সোফি মোলিনাক্সের ক্যারিয়ার যেন ইনজুরির এক দীর্ঘ উপাখ্যান। এর আগে ২০২২ সালে পায়ের চোটের কারণে অ্যাশেজ এবং ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন তিনি। একই বছর খেলতে পারেননি কমনওয়েলথ গেমসেও। 

এমনকি ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এসিএল ইনজুরি তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক ২০২৫ ওয়ানডে বিশ্বকাপেও তার ফিটনেস নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে।

মোলিনাক্সের ইনজুরিতে হতাশ অ্যালিসা হিলি। টসের সময় তিনি বলেন, সোফি মোলিনাক্সের খবরটি আমাদের সবার জন্য একটি বড় ধাক্কা এবং ওর নিজের জন্য এটি অত্যন্ত হতাশাজনক। আমাদের দলে এখন এলিস পেরি, কিম গার্থ এবং সোফি—তিনজনই ইনজুরিতে। আমরা সবাই মিলে তাদের পাশে থাকার চেষ্টা করছি।