টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত ফলাফল না আসায় আফগানিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে বড় চমক দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তারকা লেগ-স্পিনার রশিদ খানের পরিবর্তে ২০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে তরুণ ওপেনার ইব্রাহিম জাদরানের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটের স্কোয়াড প্রকাশ করে এসিবি।
মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই দলের নেতৃত্ব কাঠামো নিয়ে পর্যালোচনায় বসেছিল বোর্ড। সেই পর্যালোচনার ভিত্তিতেই অভিজ্ঞ রশিদের পরিবর্তে জাদরানের কাঁধে তুলে দেওয়া হলো নেতৃত্বের গুরুভার।
দীর্ঘদিন দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে পরিচিত ইব্রাহিম জাদরান এর আগে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। মাঠের শান্ত স্বভাব এবং ব্যাটিংয়ে ধারাবাহিকতার কারণে বোর্ড তাকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে বিবেচনা করছে। তবে নেতৃত্ব হারালেও স্পিন আক্রমণে রশিদের ওপরই বড় ভরসা রাখছে দল।
এবারের স্কোয়াড থেকে নিয়মিত কয়েকজনকে ছেঁটে ফেলেছে বোর্ড। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও শ্রীলঙ্কা সফরের কোনো ফরম্যাটেই জায়গা পাননি পেসার ফজলহক ফারুকি, অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ ইশাক।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জিয়া উর রহমান শরিফী। তার পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় দলেই ফিরেছেন পেসার ফরিদ আহমদ মালিক।
এছাড়াও টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে টপ-অর্ডার ব্যাটার নূর রহমান ও স্পিন অলরাউন্ডার শরাফুদ্দিন আশরাফকে।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নূর রহমান, সেদিকুল্লাহ আতাল, দরবেশ রসূলী, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শরিফী, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দরবেশ রসূলী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গজানফর, জিয়া উর রহমান শরিফী, ফরিদ আহমদ মালিক ও বিলাল সামি।
সিরিজের সূচী
টি-টোয়েন্টি সিরিজ: ১৩, ১৫ ও ১৭ মার্চ।
ওয়ানডে সিরিজ: ২০, ২২ ও ২৫ মার্চ।



