বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ মার্চ থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হতে যাওয়া এই লড়াইয়ের টিকিট এখন ঘরে বসেই অনলাইনে সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
বিসিবির ঘোষণা অনুযায়ী, সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে ৯ মার্চ, দ্বিতীয় ওয়ানডে ১১ মার্চ এবং সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ মার্চ।
বিসিবি জানিয়েছে, আগ্রহী দর্শকরা www.gobcbticket.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট গ্যালারির টিকিট বুক করতে পারবেন। টিকিট সংগ্রহের ক্ষেত্রে একজন দর্শক সর্বোচ্চ কয়টি টিকিট নিতে পারবেন তা ওয়েবসাইট থেকেই নিশ্চিত করা হবে।
সাধারণ দর্শকের কথা মাথায় রেখে বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারণ করেছে বোর্ড। মাঠের সবচেয়ে ভালো জায়গা থেকে খেলা দেখার জন্য 'গ্র্যান্ড স্ট্যান্ডে'র (আপার ও লোয়ার) টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ভিআইপি অভিজ্ঞতার জন্য ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিটের দাম ১ হাজার ২০০ টাকা।
এছাড়া মিডিয়া ব্লক ও কর্পোরেট ব্লকের (ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথ) টিকিট পাওয়া যাচ্ছে ১ হাজার টাকায়। যারা মাঝারি বাজেটে গ্যালারিতে থাকতে চান, তাদের জন্য শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের (ক্লাব হাউজ) টিকিট রাখা হয়েছে ৬০০ টাকায়।
মাঠের সাধারণ গ্যালারির মধ্যে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির মূল্য ৪০০ টাকা এবং বরাবরের মতোই সবচেয়ে সুলভ মূল্যে ইস্টার্ন গ্যালারির টিকিট রাখা হয়েছে ২০০ টাকায়।


