দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আমেজে ফিরল বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হয়েছে।
দেশের মাটিতে টাইগারদের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করতে টসের আগেই স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়। প্রতিমন্ত্রী মাঠে পৌঁছালে তাকে বিসিবির পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বর্তমানে তিনি বিসিবির প্রেসিডেন্টস বক্সে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন।
এদিকে, সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে স্বাগতিক বাংলাদেশের। টস জিতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক সূচনার চেষ্টা করছে সফরকারী পাকিস্তান।


