বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ পদে বসার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে তিনি পুরোপুরি প্রস্তুত।
‘সামিরস্কেন’ নামক একটি পডকাস্টে বিসিবি সভাপতি হওয়ার আগ্রহ সম্পর্কে জানতে চাওয়া হলে তামিম সরাসরি উত্তর দেন, যদি সুযোগ আসে অবশ্যই। নিজের যোগ্যতার ওপর পূর্ণ আস্থা রেখে তিনি আরও যোগ করেন, আমি মনে করি (আমার সেই যোগ্যতা) আছে। অবশ্যই মনে করি।
দীর্ঘ সময় ধরে যারা বিসিবিতে আছেন, তাদের কার্যক্রম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সবচেয়ে অভিজ্ঞ লোকজনও তো বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে যারা বিসিবিতে ছিলেন, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো অভিজ্ঞদের ওপর বিশ্বাস করলেন, এবার না হয় আমার মতো অনভিজ্ঞদের ওপর একবার বিশ্বাস করে দেখুন।
উল্লেখ্য, গত বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সাবেক এই অধিনায়ক নির্বাচন থেকে সরে দাঁড়ান।


