দেশের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ‘সাইলেন্ট কিলার’ হিসেবেই পরিচিত। মাঠের ভেতরে কিংবা বাইরে সবখানেই তিনি শান্ত। কিন্তু দীর্ঘদিনের সেই নীরবতা ভেঙে এবার মুখ খুলে বললেন বঞ্চনার গল্প।
সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’ নামক একটি পডকাস্টে অংশ নিয়ে রিয়াদ জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সত্ত্বেও কতটা অপমান আর অবহেলার শিকার হতে হয়েছিল তাকে।
২০২৩ বিশ্বকাপের ঠিক আগে দল থেকে বাদ পড়ার সময়কার কথা বলতে গিয়ে রিয়াদ বলেন, মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের জন্য ইনডোর বা একাডেমি মাঠে একটি উইকেট চেয়েছিলেন। কিন্তু আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়—উপর মহল থেকে নির্দেশ আছে, তাকে সেখানে ব্যাটিং করতে দেওয়া যাবে না।
সেই পুরোনো অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে রিয়াদ বলেন, আমি তখন চুক্তিবদ্ধ খেলোয়াড়, অথচ আমাকে বলা হলো ব্যাটিং করতে দেওয়া যাবে না। আমি কারো সাথে কোনো তর্ক না করে মাথা নিচু করে সেখান থেকে চলে আসি।
রিয়াদ আরও বলেন, সেই ঘটনার পর লুকিয়ে আড়ালে অনুশীলন করতেন। জাতীয় দল যখন মাঠে থাকতো, তখন তিনি আসতেন না। আগে থেকে খবর নিতেন কখন দল প্র্যাকটিস শেষ করবে, এরপর নিভৃতে নিজের কাজটুকু করে চলে যেতেন।
সবশেষে সাবেক এই অধিনায়ক যোগ করেন, যেকোনো খেলোয়াড় এত বছর ধরে দলের সেবা করে, তাহলে তার অন্তত একটি ন্যূনতম সম্মান প্রাপ্য। আমি এটা কেবল নিজের জন্য বলছি না; এটা যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আর সেই কারণেই সম্ভবত সেই সময়ে (২০২৩ বিশ্বকাপের আগে) সেই নির্দিষ্ট টিম ম্যানেজমেন্ট এবং সেই নির্দিষ্ট টিম নির্বাচকদের প্রতি আমার তেমন শ্রদ্ধা নেই।


