ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতপাকে বাঁধা পড়লেন কুলদীপ যাদব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি : সংগৃহীত

২২ গজের স্পিনারের ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু। দীর্ঘদিনের বান্ধবী বংশিকা সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। 

গতকাল ১৪ মার্চ (শনিবার) উত্তরাখণ্ডের পাহাড়ঘেরা পর্যটন নগরী মুসৌরির এক মনোরম পরিবেশে এই শুভ কাজ সম্পন্ন হয়। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের শিরোপা ধরে রাখার অনন্য সাফল্যের রেশ কাটতে না কাটতেই জীবনের এই বিশেষ ইনিংসটি শুরু করলেন তিনি।

হিমালয়ের পাদদেশে আয়োজিত এই বিবাহ অনুষ্ঠান ছিল একাধারে ঐতিহ্যবাহী ও আধুনিকতায় ঘেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢোল আর ব্যান্ডের তালে স্বজন ও বন্ধুদের সঙ্গে নাচে মেতেছেন স্বয়ং বর কুলদীপ। 

রঙিন আলো আর ফুলের সাজে সজ্জিত বিয়ের আসরটি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলে এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল।

কুলদীপের এই বিশেষ দিনে পাশে ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়েতে উপস্থিত হয়ে আসর জমিয়ে তুলেছিলেন যুজবেন্দ্র চাহাল, রিংকু সিং, তিলক বর্মা এবং ভারতের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ কাইফ। 

ভারতের জাতীয় দলের এই তারকাদের উপস্থিতি বিয়ের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টা আর নাচের মুহূর্তগুলো ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

পারিবারিক আবহে মুসৌরিতে বিয়ে সম্পন্ন হলেও একটি বড় উদযাপনের প্রস্তুতি চলছে উত্তরপ্রদেশের লখনৌতে।

আগামী ১৭ মার্চ লখনউয়ের বিখ্যাত 'হোটেল সেন্ট্রাম'-এ এক রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনার (রিসেপশন) আয়োজন করা হয়েছে। সেখানে ক্রিকেট মহাতারকাদের পাশাপাশি রাজনীতি ও ব্যবসায়িক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।