ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শঙ্কায় বাটলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:৫২ পিএম
জস বাটলার। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে সেমিফাইনালে হারের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন জস বাটলার। 

বিশ্বকাপে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর বাটলার জানান, আগামী জুলাইয়ে ভারতের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে দলে জায়গা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই তার।

ব্যাট হাতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে ফর্মে ছিলেন না বাটলার। ৮ ইনিংসে মাত্র ৮৭ রান করা এই ব্যাটার গত চারটি আইসিসি ইভেন্ট মিলিয়ে মোটে একটি অর্ধশতক হাঁকাতে পেরেছেন। এমন ফর্মহীনতার পরও অবশ্য এখনই হাল ছাড়তে রাজি নন তিনি।

নিজের পডকাস্ট ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’-এ বাটলার বলেন, আমি আশা করি দলে থাকব, তবে নিশ্চিত করে কিছু জানি না। টুর্নামেন্টটা ব্যক্তিগতভাবে আমার জন্য খুব হতাশাজনক ছিল। অথচ সাম্প্রতিক বছরগুলোতে আমি ক্যারিয়ারের অন্যতম সেরা ক্রিকেট খেলছিলাম। আশা করি দ্রুতই স্বরূপে ফিরতে পারব।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বাটলারের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ আরও ১৮ মাস বাকি থাকলেও দলে থাকাটা এখন আর তার হাতে নেই। 

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার খেলার প্রবল ইচ্ছা আছে। কিন্তু আমি এখন আর অধিনায়ক নই, নির্বাচকও নই। তাই নির্বাচকরা যা সিদ্ধান্ত নেবেন, তা-ই হবে। দেখা যাক সামনে কী ঘটে।