ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মলিনাক্সকে নিয়ে সতর্ক অজিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:০৪ পিএম
সোফি মলিনাক্স। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে সোফি মলিনাক্সের যাত্রা শুরু হতে যাচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে দীর্ঘদিনের চোটপ্রবণ ইতিহাস বিবেচনায় রেখে সফরকারী দলটি এই অলরাউন্ডারকে নিয়ে 'সেফ গেম' খেলার পরিকল্পনা করছে। 

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন অধিনায়কত্ব করা অ্যালিসা হিলির অবসরের পর গত মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মলিনাক্স। তবে ওয়ানডে ও টেস্টে হিলি ফিরে আসায় পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়া বাকি ছিল তার। 

এখন হিলির বিদায়ের পর অফিশিয়ালভাবে দলের ব্যাটন উঠেছে ২৮ বছর বয়সী এই ভিক্টোরিয়ানের হাতে। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিশ্চিত থাকলেও, সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে তার অংশগ্রহণ নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর।

পিঠের নিচের অংশের চোট কাটিয়ে ফেরা মলিনাক্সকে নিয়ে অস্ট্রেলিয়া কোনো ঝুঁকি নিতে নারাজ। কারণ সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

অধিনায়ক নিজেই বলেন, এটি সম্ভবত একটি 'দেখা যাক কী হয়' ধরনের পরিস্থিতি। বিশেষ করে ওয়ানডে সিরিজ শুরুর আগে আমরা সব খতিয়ে দেখব। দলের মেয়েদের সাথে আবারও মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি।

বোলিং না করাটা মলিনাক্সের জন্য হবে এক বিশাল পরিবর্তন। ২০১৮ সালে অভিষেকের পর খেলা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই তিনি হাত ঘুরিয়েছেন।