পাকিস্তানের তারকা ফাস্ট বোলার নাসিম শাহর বিরুদ্ধে কেন্দ্রীয় চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সমালোচনামূলক পোস্ট দেওয়ার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা যায়, ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে। সম্প্রতি পশ্চিম এশিয়া সংকট ও জ্বালানি সাশ্রয়ের কারণ দেখিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাভভি ঘোষণা করেছিলেন যে, এবারের পিএসএলের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তবে শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভিন্ন চিত্র দেখা যায়। সেখানে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে বিশাল প্রোটোকল ও নিরাপত্তা বহর নিয়ে উপস্থিত হতে দেখা যায়, যা নিয়ে সাধারণ সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
পিসিবি মিডিয়া অ্যাকাউন্টের একটি পোস্ট রি-টুইট করে নাসিম শাহ মন্তব্য করেন, কেন তাকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে? পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই তা সরিয়ে ফেলা হয় এবং নাসিম দাবি করেন যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।
তবে পিসিবি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, নাসিম কেন্দ্রীয় চুক্তির ধারা ২.২৩ এবং মিডিয়া নীতিমালা লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, বোর্ড বা কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জনসমক্ষে নেতিবাচক মন্তব্য করা দণ্ডনীয় অপরাধ।
পিসিবি সম্প্রতি ক্রিকেটারদের রাজনৈতিক মতপ্রকাশের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থন জানিয়ে টুপিতে তার কয়েদি নম্বর '৮০৪' লিখে মাঠে আসায় অলরাউন্ডার আমের জামালকে ১০ লাখ রুপির বেশি জরিমানা করা হয়েছিল।


