ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রেকর্ড মূল্যের চাপে কি হারিয়ে যাচ্ছেন ক্যামেরন গ্রিন? 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:২৭ পিএম
ক্যামেরন গ্রিন। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬-এর নিলামে ২৫.২০ কোটি রুপির রেকর্ড মূল্যে ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়ে ইতিহাস গড়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়কে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে মাঠের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। 

প্রথম তিন ইনিংস শেষেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ এই অজি অলরাউন্ডার। গ্রিনের এই অফ-ফর্ম এবং কেকেআর শিবিরের রণকৌশল নিয়ে এবার কড়া সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ইএসপিএন ক্রিকইনফোর ‘টাইমআউট’ অনুষ্ঠানে গ্রিনের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে ফিঞ্চ জানান, গ্রিনকে দেখে মনে হচ্ছে তিনি কিছুটা ‘প্যানিক’ বা আতঙ্কে আছেন। 

ফিঞ্চ জানান, গত কয়েক আসরে গ্রিনকে যতটা আত্মবিশ্বাসী দেখা যেত, এবার কেকেআরের জার্সিতে তিনি ঠিক তার উল্টো। বিশেষ করে ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিন নম্বরে ব্যাটিং করে যেভাবে বিধ্বংসী মেজাজে ৪৫২ রান করেছিলেন, সেই আগ্রাসন এখন পুরোপুরি অনুপস্থিত।

সোমবার (৬ এপ্রিল) ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলেও গ্রিনের ব্যর্থতা আড়াল করা সম্ভব হয়নি। মাত্র ৩.৪ ওভার খেলা হওয়ার সুযোগ থাকলেও তার মধ্যেই জাভিয়ের বার্টলেটের দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 

এর আগে মুম্বাইয়ের বিপক্ষে ১৮ এবং হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২ রানে রান আউট হন এই অলরাউন্ডার। 

গ্রিনের ব্যক্তিগত ফর্মের পাশাপাশি কেকেআর ম্যানেজমেন্টের টস ভাগ্য ও সিদ্ধান্ত গ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন ফিঞ্চ। বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ উইকেট ঢাকা থাকায় পিচে ময়েশ্চার বা আর্দ্রতা ছিল, যা বোলারদের জন্য সহায়ক। 

এমন স্যাঁতসেঁতে কন্ডিশনে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন তিনি। ফিঞ্চ বলেন, যেখানে বৃষ্টির পূর্বাভাস ছিল এবং ডিএলএস (ডিএলএস) নিয়মে পরে ব্যাটিং করা সুবিধাজনক, সেখানে কলকাতার এমন সিদ্ধান্ত দলের বিপদ বাড়িয়ে দিয়েছে।