ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টি-টোয়েন্টিতে নতুন ‘ছক্কা মেশিন’ সাহিবজাদা ফারহান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:১৮ পিএম
সাহিবজাদা ফারহান। ছবি : সংগৃহীত

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার উন্মাদনা। মাঠের চারদিকে বল উড়িয়ে সীমানা পার করার সামর্থ্যই এখন ব্যাটারদের জনপ্রিয়তার মাপকাঠি। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে এখন নতুন এক ‘ছক্কা মেশিনের’ উদয় ঘটেছে। 

পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান নিজের ব্যাটিং তান্ডবে ছাড়িয়ে গেছেন অভিষেক শর্মা, ডেভাল্ড ব্রেভিস ও নিকোলাস পুরানদের মতো স্বীকৃত হার্ডহিটারদের।

২০২৫ সালের শুরু থেকে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারার হিসেবে সবার ওপরে রয়েছেন সাহিবজাদা ফারহান। এই সময়ে মাত্র ৬৯ ইনিংসে তিনি হাঁকিয়েছেন রেকর্ড ১৫০টি ছক্কা। 

তার ধারেকাছে থাকা দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি ডেভাল্ড ব্রেভিসের ছক্কা সংখ্যা ১৪৪টি, যার জন্য তিনি খেলেছেন ৫৯টি ইনিংস। অর্থাৎ পাওয়ার হিটিংয়ের লড়াইয়ে ব্রেভিসকে ৬টি ছক্কায় পেছনে ফেলেছেন ফারহান।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতের অভিষেক শর্মা ৫৬ ইনিংসে মেরেছেন ১৩৬টি ছক্কা। এছাড়া নিউ জিল্যান্ডের ফিন অ্যালেন ৫২ ইনিংসে ১৩৩টি এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ৭০ ইনিংসে ১৩০টি ছক্কা নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন। 

শুধু ছক্কা হাঁকানোই নয়, বড় ইনিংস খেলার দৌড়েও অন্য সবার চেয়ে যোজন যোজন এগিয়ে এই পাকিস্তানি ব্যাটার। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই ফরম্যাটে ৭টি সেঞ্চুরি করেছেন ফারহান, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতের ঈশান কিষান করেছেন ৪টি সেঞ্চুরি। 

রানের পাহাড় গড়ার ক্ষেত্রেও ফারহান রয়েছেন শীর্ষে। ৪২.০৫ গড়ে তার সংগ্রহ ২৬৯০ রান। এই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নিউজিল্যান্ডের টিম সাইফার্টের রান ২১৯৭। অর্থাৎ রানের ব্যবধানেও সাইফার্টের চেয়ে প্রায় ৫০০ রান এগিয়ে আছেন তিনি। 

তবে স্ট্রাইক রেটের দিক থেকে অভিষেক শর্মার (২০০.৮১) চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ১৫২.৫৮ স্ট্রাইক রেট নিয়ে কার্যকর ব্যাটিং করে যাচ্ছেন ফারহান।