দেশজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন নিউজিল্যান্ড পুরুষ দলের বাংলাদেশ সফর এবং শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে।
আজ বুধবার (০৯) এপ্রিল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই আগে দিবা-রাত্রির হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর শুরুর সময় ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। দুপুর ২টার পরিবর্তে এখন ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়।
বিসিবি আরও জানায়, বিকেল সাড়ে ৬টার মধ্যে খেলা শেষ করা সম্ভব হবে, যার ফলে প্রতি ম্যাচে অন্তত ৪ ঘণ্টার ফ্লাডলাইটের বিদ্যুৎ সাশ্রয় হবে।
পুরুষ দলের টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন আনা হয়েছে। সিরিজের প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে।
এখন সিরিজের তিনটি ম্যাচই দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে হবে ঢাকায় এবং ২৩ এপ্রিল শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে।
এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুই টি-টোয়েন্টি এবং ২ মে মিরপুরে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
একই নীতি অনুসরণ করা হয়েছে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রেও। সিলেটে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠেয় ম্যাচগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে।


