চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশকে রক্ষা করলেন নাজমুল হোসেন শান্ত। দুই বছর পর আবারও সেঞ্চুরির দেখা পেলেন তিনি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটার।
টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ৯ রানে ২ উইকেট এবং পরে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন এবং আগের ম্যাচের সফল ব্যাটার তানজিদ হাসান তামিম ফেরেন মাত্র ১ রান করে। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার (১৮)।
শুরুর সেই ধাক্কা সামলে চতুর্থ উইকেটে লিটন কুমার দাসের সঙ্গে ১৬০ রানের বিশাল এক জুটি গড়েন শান্ত। কিউই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে লিটন তুলে নেন ফিফটি, তবে ব্যক্তিগত ৭৬ রানে আউট হলে এই জুটির সমাপ্তি ঘটে।
লিটন ফিরলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন শান্ত। ১১৪ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটি ছিল ওয়ানডেতে ২০ ইনিংস এবং দীর্ঘ দুই বছর পর তার প্রথম শতরান।
কাকতালীয়ভাবে তার আগের সেঞ্চুরিটিও এসেছিল চট্টগ্রামের এই মাঠেই। ২০২৪ সালের ১৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন।
সেঞ্চুরির পর রানের গতি বাড়াতে গিয়ে ৪৩তম ওভারে লেনক্সের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন নাজমুল। বিদায়ের আগে ১১৯ বলে ১০৫ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলেছে ২৬৫ রান। ফলে জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬ রান।


