ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বৈভবের উত্থানের পিছনে বড় ভূমিকা বাংলাদেশি কোচের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের ১৩ বছর বয়সী ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশীকে নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড়। আইপিএলের মেগা নিলামে রাজস্থান রয়্যালস যখন তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভেড়াল, তখন থেকেই আলোচনায় এই কিশোর। তবে বৈভবের এই দ্রুত উত্থানের আড়ালে নীরবে বড় ভূমিকা রেখে চলেছেন এক বাংলাদেশি কোচ—আশিকুর রহমান মজুমদার।

বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আশিকুর বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেভেলপমেন্ট কোচ হিসেবে কর্মরত। তার সঙ্গে বৈভবের পরিচয় হয় ২০২৩ সালে ভারতের বিজয়ওয়াড়ায় একটি ত্রিদেশীয় সিরিজে। 

সেখানে বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের অনূর্ধ্ব-১৯ দল অংশ নিয়েছিল। ভারত যখন দুটি দল মাঠে নামায়, তখন ‘বি’ দলে খেলছিলেন খুদে প্রতিভা বৈভব।

আশিকুর জানান, নেট সেশনে প্রথম পরিচয়ের পর থেকেই তাদের সম্পর্ক কেবল পেশাদারিত্বে সীমাবদ্ধ থাকেনি। একদিন খাবারের খোঁজে বের হলে বৈভব নিজেই তাকে ডাক দেন এবং আরেক ক্রিকেটারকে সঙ্গে নিয়ে ডিনারে যান। সেই ডিনার টেবিল থেকেই শুরু হয় এক গভীর বন্ধুত্বের।

সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই ডিনার আর ক্রিকেটীয় আড্ডা নিয়মিত হয়ে ওঠে। বৈভব আইপিএলে বড় সুযোগ পাওয়ার পরেও সেই সম্পর্ক অটুট রেখেছেন। বর্তমানেও তিনি নিয়মিত আশিকুরের সঙ্গে ব্যাটিংয়ের খুঁটিনাটি ও অনুশীলন নিয়ে পরামর্শ করেন। 

আশিকুরের মাধ্যমে জানা যায়, বৈভবকে তার সেন্টারে ঘণ্টার পর ঘণ্টা কেবল ছক্কা মারার বিশেষ অনুশীলন করানো হয়।

এ প্রসঙ্গে আশিকুর রহমান মজুমদার বলেন, সে অত্যন্ত প্রতিভাবান। হয়তো আমার সঙ্গে কথা বলে সে এক ধরনের মানসিক স্বস্তি পায়। সে আগের মতোই সহজ-সরল রয়ে গেছে।