ক্রিকেটের ব্যস্ত সূচি আর আইপিএলের গতির দুনিয়ায় গত সপ্তাহের স্মৃতি ফিকে হওয়াটাই স্বাভাবিক। তবে কেকেআর সমর্থকদের কাছে গত রোববারের লক্ষ্নৌর বিপক্ষে জয়ের রেশ এখনো টাটকা।
৫১ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস আর চারটি দুর্দান্ত ক্যাচ নিয়ে রিঙ্কু সিং একাই যে দাপট দেখিয়েছেন, তাতে আজ হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামার আগে তিনিই নাইটদের প্রধান ভরসা।
আজ রোববার ( ৩ মে) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা। বাংলাদেশ সময় ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪টায়।
এই পিচেই এর-আগে রাজস্থানকে হারিয়েছিল হায়দরাবাদ, সেখানেই হবে আজকের ম্যাচ। ২১৬ রান ডিফেন্ড করে জেতা হায়দরাবাদ নিজেদের ডেরায় কতটা ভয়ঙ্কর, তা ভালোই জানা আছে নাইট শিবিরের। বিশেষ করে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের ‘ট্র্যাভিষেক’ জুটি যে ঝড়ের আভাস দিচ্ছে, তা সামলানোই হবে বড় চ্যালেঞ্জ।
নাইটদের বড় চিন্তার জায়গা ওপেনিং জুটি। ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে রানের গতি বাড়াতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে ফর্মে নেই সেইফার্টও। ওপেনিং স্লটে স্থায়িত্ব ফেরাতে রাহানে নিজের জায়গা ছেড়ে সুনীল নারিনকে নামিয়েও তেমন সুবিধা করতে পারেননি।
হায়দরাবাদ শিবিরে টপ অর্ডারের পাশাপাশি কেকেআর বোলারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন হেনরিখ ক্লাসেন। নাইট বোলিং কোচ টিম সাউদি অবশ্য আত্মবিশ্বাসী।
অন্যদিকে, কেকেআর ব্যাটারদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন সাবেক নাইট সদস্য ও বর্তমান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। সাথে আছেন গতির ঝড় তোলা প্রফুল হিঙ্গে ও সাকিব হুসেন।


