ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদের পেশোয়ার জালমি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৬, ১২:২১ পিএম
৯ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে নাহিদ রানার পেশোয়ার জালমি। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে হায়দরাবাদ কিংসকে হারিয়ে ৯ বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে নাহিদ রানার পেশোয়ার জালমি। বাংলাদেশের নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নাহিদ রানা নিয়েছেন ২ উইকেট। 

নাহিদ রানা প্রথমবার বোলিংয়ে আসেন ষষ্ঠ ওভারে। এর আগে প্রথম ৫ ওভারে ২ উইকেট হারালেও ৫৬ রান তুলে ফেলেছিল হায়দরাবাদ। নাহিদ রানার প্রথম ওভার শেষে স্কোরে যোগ হয় আরও ১৩ রান। সুফিয়ান মুকিমের করা পরের ওভারে ৪ বলের মধ্যে উসমান খান ও ইরফান খানের বিদায়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ।

নাহিদ রানা নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাক উপহার দিয়ে চাপটা আরও বাড়িয়ে দেন। শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন ম্যাক্সওয়েল। ওভারটার পঞ্চম বলে কুশল পেরেরাও রানআউট। তাতে ৭৩/৬ হয়ে যায় হায়দরাবাদের স্কোর।

ওভারটায় মাত্র ৫ রান দেওয়া নাহিদ রানা আবার বোলিংয়ে আসেন ১৪তম ওভারে। এর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলা হায়দরাবাদের ব্যাটসম্যানরা একটি রানও নিতে পারেননি নাহিদ রানার দুর্দান্ত গতির সামনে। ওভারের পঞ্চম বলে হুনাইন শাহকে বোল্ড করে দ্বিতীয় উইকেটটি পেয়ে যান নাহিদ রানা। মেডেন উইকেট নেওয়া নাহিদ রানা ১৭তম ওভারে দেন ৪ রান।

রান তাড়ায় ৪০ রানে ৪ উইকেট হারালেও অ্যারন হার্ডি ও আবদুল সামাদের ৮৫ রানের জুটিতে সব শঙ্কা দূর হয়ে যায়।

সামাদ ৩৪ বলে ৪৮ রান করে বিদায় নিলেও হার্ডি অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৬ রানে। এর আগে বল হাতে অস্ট্রেলিয়ার এই পেস-বোলিং অলরাউন্ডার ২৭ রানে নেন ৪ উইকেট।