নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করার পর ব্যক্তিগত অর্জনেও বড় সুসংবাদ পেল টাইগাররা। কিউইদের বিপক্ষে মাঠের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় ও পেসার শরীফুল ইসলাম র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন।
সিরিজজুড়ে দুর্দান্ত ব্যাটিং করা তাওহিদ হৃদয় আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়েছেন। দুই ম্যাচে ৮৪ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই মিডল অর্ডার ব্যাটার বর্তমানে ৩৭তম অবস্থানে উঠে এসেছেন।
উন্নতি হয়েছে অভিজ্ঞ ব্যাটার ও অধিনায়ক লিটন দাসেরও। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা লিটন ১ ধাপ এগিয়ে বর্তমানে ব্যাটারদের তালিকায় ৫২তম স্থানে রয়েছেন।
বোলিং বিভাগেও টাইগারদের দাপট অব্যাহত রয়েছে। দুই ম্যাচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি কিপটে বোলিং করা অফস্পিনার শেখ মেহেদী হাসান ১ ধাপ এগিয়ে তালিকার ১৭ নম্বরে জায়গা করে নিয়েছেন। তবে র্যাঙ্কিংয়ের তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
সিরিজের দুই ম্যাচে ৪ উইকেট শিকার করে শরীফুল একলাফে ৯ ধাপ টপকে গেছেন। বোলারদের তালিকায় এখন ৫৪তম অবস্থানে রয়েছেন এই তরুণ পেসার। অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকায় অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ১ ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে গেছেন।


