ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওয়ার্নারের ক্রিকেট ক্যারিয়ারে ফের অনিশ্চয়তার ছায়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৬, ১১:৫৬ এএম
ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আবারও বিতর্কের মুখে পড়েছেন। বন্ধুদের সঙ্গে মদপানের পর গাড়ি চালিয়ে আইনি জটিলতায় জড়িয়েছেন এই তারকা ব্যাটার। সিডনির একটি আদালতে তার আইনজীবী জানিয়েছেন, সেদিন উবার না নিয়ে নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্তটি ছিল ওয়ার্নারের একটি ‘বোকামি এবং হঠকারী’ পদক্ষেপ।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে পুলিশের নিয়মিত তল্লাশির সময় ধরা পড়েন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। প্রাথমিক পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ার পর তাকে মারুউব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। 

সেখানে দ্বিতীয় দফা পরীক্ষায় দেখা যায়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪ শতাংশ, যা নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত আইনি সীমার চেয়ে দ্বিগুণেরও বেশি। এই অপরাধে তার বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিংক ড্রাইভিং’-এর অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) ওয়েভারলি লোকাল কোর্টে মামলার শুনানি চলাকালে ওয়ার্নারের আইনজীবী ববি হিল আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, ওয়ার্নার বুঝতে পেরেছেন তিনি ভুল করেছেন। বন্ধুদের সঙ্গে তিন গ্লাস ওয়াইন খাওয়ার পর তার উচিত ছিল ‘প্ল্যান বি’ বা উবার ব্যবহার করা। 

কিন্তু তিনি গাড়ি চালানোর যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার জন্য তিনি এখন অনুতপ্ত। আইনজীবী আরও জানান যে, গাড়ি চালানোর মাত্র ১১ মিনিট আগে ওয়ার্নার তার শেষ পানীয়টি গ্রহণ করেছিলেন।

এই ঘটনার পর সিডনি থান্ডার দলে ওয়ার্নারের অধিনায়কত্ব নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জার্মান এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন এবং কোনোভাবেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে সমর্থন করেন না। 

এর আগে ২০১৮ সালে বল বিকৃতি কেলেঙ্কারির কারণে অধিনায়কত্বে আজীবন নিষেধাজ্ঞা পেলেও সম্প্রতি তা তুলে নেওয়া হয়েছিল।