ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন দিবালা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:৪৯ এএম
পাওলো দিবালা। ছবি : সংগৃহীত

পাওলো দিবালার আর্জেন্টিনা অধ্যায়ের বর্ণিল পথচলা কি তবে শেষ হয়ে গেল? ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলে রোমা ফরোয়ার্ডের জায়গা না হওয়া সেই ইঙ্গিতই দিচ্ছে। 

গতকাল (১১ মে) সোমবার ঘোষিত এই তালিকা থেকে দিবালার বাদ পড়া ফুটবল বিশ্বে বড় আলোচনার জন্ম দিয়েছে।

৩২ বছর বয়সী এই প্লেমেকারকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। মূলত চোট এবং ফর্মের ধারাবাহিকতার অভাব দিবালাকে জাতীয় দল থেকে ছিটকে দিয়েছে।

২০২৪ সালের শেষ দিকে শেষবার আলবিসেলেস্তেদের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী দলের সদস্য হলেও গত কয়েক বছরে দলে তার গুরুত্ব ক্রমশ কমে আসছিল।

স্কালোনির এই সাহসী সিদ্ধান্তের পেছনে বড় কারণ তরুণ ফুটবলারদের জয়গান। দিবালার বদলে কোচ আস্থা রেখেছেন চেলসির আলেজান্দ্রো গারনাচো এবং বেনফিকার জানলুকা প্রেস্তিয়ানির মতো উদীয়মান তারকাদের ওপর। 

বিশেষ করে প্রেস্তিয়ানির অন্তর্ভুক্তি বেশ চমকপ্রদ। চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে অসদাচরণের জন্য ফিফার নিষেধাজ্ঞায় থাকলেও তাকে দলে টেনেছেন স্কালোনি। এর ফলে তিনি চূড়ান্ত দলে থাকলেও গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।

এদিকে ভক্তদের নজর ছিল মহাতারকা লিওনেল মেসির দিকে। ইন্টার মিয়ামি অধিনায়ক প্রত্যাশিতভাবেই ৫৫ সদস্যের তালিকায় জায়গা পেয়েছেন। যদিও ২০২৬ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে মেসি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে স্কালোনি তাকে ঘিরেই তার রণকৌশল সাজাচ্ছেন।