আইপিএল ২০২৬-এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই এখন তুঙ্গে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।
টুর্নামেন্টের এই পর্যায়ে দুই দলেরই সংগ্রহ ১৪ পয়েন্ট এবং উভয়েই সাতটি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে আজকের ম্যাচটি কার্যত প্লে-অফে শীর্ষ দুইয়ে থেকে ‘ডাবল চান্স’ নিশ্চিত করার এক অঘোষিত লড়াইয়ে পরিণত হয়েছে।
ঘরের মাঠে খেলতে নামা গুজরাট টাইটান্স বর্তমানে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। টানা চার ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা শুভমান গিলের দল গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
অধিনায়ক গিলের ঘরের মাঠে আধিপত্য এবং কাগিসো রাবাদার ফর্ম দলটির বোলিং বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিজেদের চেনা কন্ডিশনে শৃঙ্খলিত ক্রিকেটের মাধ্যমে হায়দ্রাবাদকে রুখে দিতে প্রস্তুত টাইটান্স বাহিনী।
অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছে। শুরুর দিকের নড়বড়ে অবস্থা কাটিয়ে শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে তারা।
হায়দরাবাদের সাফল্যের মূল চাবিকাঠি হলো তাদের আক্রমণাত্মক ও বিধ্বংসী ব্যাটিং দর্শন। বড় বড় স্কোর গড়তে অভ্যস্ত হায়দরাবাদের এই পাওয়ার-হিটিং লাইন-আপ আজ গুজরাটের সুশৃঙ্খল বোলিং আক্রমণের জন্য একরকম পরীক্ষা হতে যাচ্ছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হলেও টুর্নামেন্ট যত গড়াচ্ছে, উইকেট কিছুটা ধীরগতির হতে শুরু করেছে। লাল মাটির উইকেটে পেসারদের জন্য গতি ও বাউন্স থাকলেও মাঠের বিশাল বাউন্ডারি পাওয়ার-হিটারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
এদিকে ইতিহাস বলছে, এই মাঠে রান তাড়া করা দলই সাধারণত সুবিধাজনক অবস্থানে থাকে।


