ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অজি সিরিজে বাংলাদেশের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে গাড়ি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা জোগাতে এবার বড় চমক নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে পুরস্কার হিসেবে মোটরবাইক দেখা গেলেও, আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের দুই সিরিজ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ জন্য থাকবে একটা গাড়ি।

আজ (১২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘চেরি’র মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা সিরিজের সেরা খেলোয়াড় এই বিশেষ পুরস্কারটি পাবেন। তবে গাড়ির নির্দিষ্ট মডেল বা এর বাজারমূল্য কত, সে বিষয়ে বিসিবি বা চেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন, ক্রিকেটারদের জন্য এমন বড় পুরস্কারের সংস্কৃতি ফিরে আসা ইতিবাচক। 

তামিম আরও বলেন, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের নায়ক নাফিস ইকবালও পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন। 

বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করে সিরিজসেরার পুরস্কার হিসেবে বাইক জিতে নিয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। তবে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা হবে আরও বড় পুরস্কারের। 

উল্লেখ্য, আগামী ৯ জুন প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন থেকে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন।