বাংলাদেশের মেয়েদের দ্রুত রান তুলতে না পারা নিয়ে কথা ওঠে প্রায়ই। টি–টুয়েন্টিতে ১০০ স্ট্রাইকে ব্যাটিং খুব বেশি দেখা যায় না বলে আক্ষেপ অনেকের। তবে এডিনবরায় আজ টি–টুয়েন্টিসুলভ এক ইনিংসই খেলেছেন দিলারা আক্তার। করেছেন রেকর্ডও।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ওপেনার নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করেছেন মাত্র ২২ বলে। মেয়েদের টি–টুয়েন্টিতে এটিই বাংলাদেশের দ্রুততম ফিফটি। দিলারা ভেঙে দিয়েছেন ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে রুমানা আহমেদের ২৮ বলে ফিফটির রেকর্ড।
এডিনবরায় ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ ১৫ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। বৃষ্টির কারণে মাত্র ৮ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে ৩ উইকেটে ৯৮ রান। এর মধ্যে ২৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন দিলারা। দ্বিতীয় সর্বোচ্চ ৮ বলে ১৩ রান আরেক ওপেনার জুরাইয়া ফেরদৌসের।
তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রানে আটকে যায়। ম্যাচ হেরেছে ১৩ রানে। ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে দুটিতে হেরে পয়েন্ট তালিকার দুইয়ে আছে বাংলাদেশের মেয়েরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন