ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেসির মুম্বাই সফর ঘিরে কড়া নিরাপত্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি রোববার (১৪ ডিসেম্বর) মুম্বাই সফর। তার এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুম্বাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকরা কোনো ধাতব বস্তু, পানির বোতল বা কয়েন সঙ্গে নিয়ে যেতে পারবেন না। এছাড়া স্টেডিয়ামের চারপাশে ওয়াচটাওয়ার বসিয়ে দর্শকদের ওপর নজর রাখা হবে।

পুলিশের সতর্কতা বিশেষত কলকাতায় মেসির আগের সফরে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তা রোধ করার জন্য নেওয়া হয়েছে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হাজার হাজার ভক্ত টিকিট থাকা সত্ত্বেও মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছিলেন।

মেসি রোববার সকালে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার ব্রাবোর্ন স্টেডিয়ামে ‘গোট কাপ’ ইভেন্টে উপস্থিত হন। এরপর তিনি একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচে অংশ নেবেন এবং বিকেল প্রায় ৫টার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট ইন্ডিয়া ট্যুরে’-এর মূল অনুষ্ঠানে যোগ দেবেন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুই স্টেডিয়ামের আশেপাশে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বড় ভিড় সামাল দেওয়ার অভিজ্ঞতা থাকার কারণে মুম্বাই পুলিশ প্রস্তুত। এছাড়া আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে দর্শকদের জন্য সব প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।

পুলিশ জানিয়েছে, ব্রাবোর্ন স্টেডিয়ামে প্রায় ৪ হাজার এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রায় ৩৩ হাজার দর্শক উপস্থিত হতে পারবেন। স্টেডিয়ামের বাইরে ও আশপাশে আরও ৩০ হাজারের বেশি মানুষ মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হতে পারেন।