ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিক্রি হচ্ছে মেসির শিরোপা জেতা মাঠের ঘাস, দাম আকাশছোঁয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:২৩ পিএম
বিক্রি হচ্ছে মেসির শিরোপা জেতা মাঠের ঘাস। ছবি- সংগৃহীত

ইন্টার মায়ামি এখন লিওনেল মেসির চ্যাম্পিয়নশিপ জেতা মাঠের স্মৃতি ফ্যানদের ঘরে পৌঁছে দিচ্ছে। ক্লাবটি চেজ স্টেডিয়ামের আসল ঘাস বিক্রি শুরু করেছে। ২০২৬ সাল থেকে তাদের নতুন ঘরের মাঠ হবে মায়ামি ফ্রিডম পার্ক, তাই বিদায়ের আগে ফ্যানদের জন্য স্মারক সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটাই সেই মাঠ, যেখানে ইন্টার মায়ামির যাত্রা শুরু হয়েছিল। ২০২০ সালের প্রথম মৌসুমে তৈরি হয়েছিল অবিস্মরণীয় মুহূর্ত। লিওনেল মেসির আগমন এবং আমাদের প্রথম শিরোপাগুলোও এসেছে এই মাঠেই, যার মধ্যে রয়েছে প্রথম এমএলএস কাপ।’

ফ্যানদের জন্য পাঁচ ধরনের পণ্য নিয়ে এসেছে ক্লাবটি। সবচেয়ে কম দামের চাবির রিং বিক্রি হবে ৫০ ডলারে (প্রায় ৬ হাজার ১০৮ টাকা)। এতে দুটি সংস্করণ রয়েছে—একটি সীমিত সংস্করণের খোদাই করা নকশা এবং অন্যটি ১০ নম্বর জার্সির আকৃতির চাবির রিং।

বিশেষ সংগ্রাহকদের জন্য আছে গ্রাস মিনি আলট্রা লাক্স বক্স, যা ২০০ ডলার (প্রায় ২৪ হাজার ৪৩৪ টাকা)। এতে চামড়ার কবজা ও সোয়েড ইন্টেরিয়রের সঙ্গে একটি অ্যাক্রিলিক কিউবের মধ্যে আসল ঘাস রাখা থাকবে।

তৃতীয় ধরনের গ্র্যান লাক্স সংস্করণের দাম ৩৫০ ডলার (প্রায় ৪২ হাজার ৭৭০ টাকা)। এতে থাকবে প্রিমিয়াম ডিসপ্লে বক্স এবং সোনায় খোদাই করা ধাতব টিকিট।

সবচেয়ে দামি আলট্রা বক্স ৭৫০ ডলারে (প্রায় ৯১ হাজার টাকা) বিক্রি হবে। এতে রয়েছে পিয়ানো ফিনিশ এবং বিশেষভাবে টেক্সচারড ইন্টেরিয়র, সঙ্গে মেসি, সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলের ছবি।

প্রি-অর্ডার এরই মধ্যে শুরু হয়েছে। ফ্যানদের জন্য এটি চেজ স্টেডিয়ামের স্মৃতি ধরে রাখার এক বিরল সুযোগ, যা ইতিহাসের পাতায় লিখে রাখার মতো মুহূর্ত।