ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছোট্ট জাইমাকে নিয়ে সাফ ফাইনাল দেখেন খালেদা জিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:২৮ পিএম
খালেদা জিয়ার সঙ্গে ছোট্ট জাইমা রহমান। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু রাজনীতিতেই নয়, ক্রীড়াপ্রেমী হিসেবেও বিশেষভাবে স্মরণীয়। ২০০৩ সালের ২০ জানুয়ারি বাংলাদেশ ফুটবল দল ইতিহাস রচনা করে, সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে প্রথম এবং একমাত্র ট্রফি জিতেছিল।

সেই সময় খালেদা জিয়া নিজ হাতে স্বর্ণমুকুটযুক্ত ট্রফি তুলে দেন হাসান আল মামুন ও আমিনুল ইসলামের হাতে।

সাফ জেতার সময় বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন এস এ সুলতান টিটু। তিনি স্মরণ করেন, ফাইনাল ম্যাচে শুধু খালেদা জিয়াই ছিলেন না, তার সঙ্গে তারেক রহমানের মেয়ে জাইমাও (ছোট্ট জাইমা) উপস্থিত ছিলেন।

টিটু বলেন, ম্যাডাম খালেদা জিয়া ফুটবল নিয়মিত দেখতেন এবং বাংলাদেশের ফুটবলকে সব সময় উৎসাহিত করতেন। জেতার পর দলের সব খেলোয়াড়কে বোনাস দিয়েছিলেন। তিনি সত্যিই ফুটবলপ্রেমী ছিলেন।

বাংলাদেশে প্রথমবার বিশ্বকাপের ট্রফি দেখানোর সময়ও খালেদা জিয়া উৎসাহ প্রকাশ করেছিলেন। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি ঢাকায় আনা হয়েছিল।

ফিফার কর্মকর্তারা ট্রফি নিয়ে ঢাকায় এসেছিলেন এবং বিমানবন্দরের ভিআইপি গেট থেকে শহর প্রদক্ষিণ করিয়ে খালেদা জিয়ার অফিসে নিয়ে যাওয়া হয়। টিটু স্মরণ করেন, ম্যাডাম ট্রফি দেখে খুব খুশি হয়েছিলেন। বাংলাদেশে ট্রফি আনায় তার আন্তরিকতা স্পষ্ট ছিল।

টিটু আরও বলেন, খালেদা জিয়ার যেকোনো প্রশ্ন বা কথার ভেতর গভীর বার্তা থাকত। খেলাধুলা হোক বা অন্য কোনো ক্ষেত্র, তার নেতৃত্বের প্রজ্ঞা এবং মান ছিল অসাধারণ। তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় মানুষের মনে নারীর প্রতি যে শ্রদ্ধা গড়ে ওঠে, সেটিও তারই ফল।